শার্শা সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে নারীসহ পাঁচ বাংলাদেশি বিজিবি’র হাতে আটক
- আপডেট: ০৭:২৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারীসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে তাদের আটক করা হয়।
খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে কিছু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করতে পারে। তাৎক্ষণিকভাবে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭-এস এর ২২ আর পিলার সংলগ্ন, যশোর জেলার শার্শা থানার রুদ্রপুর গ্রামের পূর্বপাড়া এলাকা (জিআর-৮৭৯৩৫৭ এমএস ৭৯ বি/১৩) তে অভিযান পরিচালনা করে।
অভিযানে ৪ জন পুরুষ ও ১ জন নারীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন: মো: আফজাল হোসেন (৩৭) — মাদারীপুর জেলার রাজৈর থানার বিষউদ্দিন গ্রামের মো: কবির হাওলাদারের ছেলে।
বাকি চারজন নড়াইল জেলার লোহাগড়া থানার বনখইলশাখালী গ্রামের বিধান বিশ্বাসের ছেলে দোলন বিশ্বাস (৩৬), শ্বশান শিকদারের মেয়ে রুপালি বিশ্বাস, দোলন বিশ্বাসের ছেলে বিজয় বিশ্বাস (১৭) ও অমৃত বিশ্বাস (১৫)।
আটককৃতদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে—এর মধ্যে দুটি স্মার্টফোন এবং একটি বাটন ফোন রয়েছে।
বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, “সম্প্রতি সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বহুগুণে বাড়ানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশ রোধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন করতে নিয়মিতভাবে সভা ও প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।”




















