যশোরে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারদের সঙ্গে এনসিপি’র মতবিনিময়
- আপডেট: ০৪:৩৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / ৯৩

নিজস্ব প্রতিবেদক ॥ ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শ্লোগানকে সামনে রেখে যশোরে অনুষ্ঠিত হয়েছে জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা।
পদযাত্রার একাদশ দিনে, শুক্রবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টায় যশোর শহরের হোটেল ওরিয়নে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণকারী আহত ব্যক্তিরা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের এক বছর পেরিয়ে গেলেও তারা এখনও সরকার বা দলের পক্ষ থেকে কোনো রকম স্বীকৃতি, চিকিৎসা, পুনর্বাসন বা প্রতিশ্রুত ‘জুলাই সনদ’ পাননি।
ক্ষোভ প্রকাশ করে আহতরা জানান, নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখানো হলেও দলের শীর্ষ নেতারা সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। এতে তারা গভীরভাবে হতাশ হয়েছেন।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আহতরা জোর দাবি জানান, অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা ও তা বাস্তবায়ন করতে হবে।
সভায় উপস্থিত এনসিপি নেতারা আহতদের দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তারা বলেন, জনগণের সঙ্গে নিয়ে ‘নতুন বাংলাদেশ’ গড়ার আন্দোলনকে আরও শক্তিশালী করা হবে।
মতবিনিময় সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় সদস্য নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা এবং দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






















