যশোরে বিজিবির অভিযানে ১৫টি স্বর্ণের বারসহ সাতক্ষীরার তিনজন আটক
- আপডেট: ১০:২৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ৬

নিজস্ব প্রতিবেদক: যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ সাতক্ষীরার তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। এ ছাড়া স্বর্ণ পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ মোট ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা মূল্যের বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (২৭ নভেম্বর-২০২৬) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক দল যশোর-নড়াইল মহাসড়কে ব্যাটালিয়নের ১ নম্বর গেটের সামনে অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে বেনাপোলগামী একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করা হয়। পরে গাড়িতে থাকা তিনজনের শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের আনোয়ার আলীর ছেলে মোঃ হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে মোঃ সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মোঃ হেদায়রু রহমান (৩৮)।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন তারা।
অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১৫টি স্বর্ণের বার, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা; ২৩ গ্রাম রুপা, যার মূল্য ৭ হাজার টাকা; একটি প্রাইভেট কার, যার মূল্য ৩২ লাখ টাকা; চারটি মোবাইল ফোন, যার মূল্য ৪৮ হাজার টাকা; দুটি হাতঘড়ি, যার মূল্য ৩ হাজার টাকা এবং নগদ ৩ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।
এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। স্বর্ণ পাচারকারীদের আটক এবং পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণসহ তিনজনকে আটক করা সম্ভব হয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















