মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের জন্য নির্মিত বাসভবন উদ্বোধন
- আপডেট: ০৭:৪৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ৮

মোঃ রুবেল হোসেন, মহেশপুর (ঝিনাইদহ):
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খর্দ্দ খালিশপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের পরিবারের জন্য নির্মিত সরকারি বাসভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে নবনির্মিত বাসভবনটির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালেব উপস্থিত ছিলেন।
এ ছাড়া মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. কামারুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
বাসভবন উদ্বোধন উপলক্ষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের বাড়িতে মতবিনিময় সভা ও সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন।
সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসামান্য বীরত্ব ও আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী এই বীর সন্তানের পরিবারের জন্য সরকারি বাসভবন নির্মাণ একটি সম্মানজনক রাষ্ট্রীয় উদ্যোগ।
অনুষ্ঠানের আগে দুই মন্ত্রীসহ অতিথিরা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত হন সিপাহী হামিদুর রহমান। বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাবপ্রাপ্ত এই বীর শহীদের পরিবারের জন্য সরকারি বাসভবন নির্মাণ ও উদ্বোধন স্থানীয় মুক্তিযোদ্ধা এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি করেছে।
বীরশ্রেষ্ঠের আত্মত্যাগের প্রতি রাষ্ট্রীয় সম্মান এবং তাঁর পরিবারের প্রতি দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা।





















