বেনাপোল সীমান্তে ১৮০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ আটক-১
- আপডেট: ০২:৫৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ১৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ উইনিক্স সিরাপসহ মোঃ মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৭ নভেম্বর-২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকায় খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ পুটখালী বিওপির সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আটক মেহেদী হাসান পুটখালী গ্রামের মোঃ আব্দুল করিমের ছেলে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ১৮০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ একজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিকে উদ্ধার করা সিরাপসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





















