বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগের এক কর্মী ও সমর্থকসহ চারজন গ্রেফতার
- আপডেট: ০৯:৩৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ১

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগের এক সক্রিয় কর্মী ও এক সমর্থকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা থেকে শুক্রবার (২৭ নভেম্বর-২০২৬) সকাল পর্যন্ত বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বেনাপোলের বড় আঁচড়া গ্রামের খোকন সরদারের ছেলে আল শরিফ সরদার (৩৬), শাঁখারীপোতা গ্রামের আনছার আলীর ছেলে মোঃ আলী আহমেদ (৩৮), কাগমারী গ্রামের সাজু মোড়লের ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৫) এবং বেনাপোল কেলের কান্দা এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে সম্রাট হোসেন রনি (৩১)। তাদের মধ্যে আল শরিফ সরদার আওয়ামী লীগের সক্রিয় কর্মী এবং মোঃ আলী আহমেদ আওয়ামী লীগের সমর্থক।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এসআই এসএম আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানাধীন পর্যটন মোটেলের সামনে অভিযান চালিয়ে আল শরিফ সরদারকে গ্রেফতার করেন। ২০২৫ সালের ১৬ আগস্ট বেনাপোল পোর্ট থানায় দায়ের করা ১৫(৩)/২৫ডি ধারার বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর একটি মামলার তদন্তে তিনি সন্দিগ্ধ আসামি।
অপর অভিযানে এসআই মোহাম্মদ মামুন শেখ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা ৫ মিনিটের দিকে শাঁখারীপোতা বাজার থেকে মোঃ আলী আহমেদকে গ্রেফতার করেন। ২০২৬ সালের ৬ অক্টোবর বেনাপোল পোর্ট থানায় দায়ের করা দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩/৪৪৮/৩২৩/১১৪/৪২৭/৩৮০/৫০৬(২) ধারার একটি মামলার তদন্তে তিনি সন্দিগ্ধ আসামি।
এদিকে, এএসআই তরিকুল ইসলাম শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে বেনাপোল পৌরসভার বেনাপোল কলেজের সামনে পাকা রাস্তার ওপর থেকে সম্রাট হোসেন রনিকে গ্রেফতার করেন। জনসাধারণের মধ্যে বিরক্তি সৃষ্টির অভিযোগে তাকে গ্রেফতারের পর ১৮৬১ সালের পুলিশ আইনের ৩৪ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করা হয়।
অন্যদিকে, এএসআই (নিরস্ত্র) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে শুক্রবার রাত ২টা ৩০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ রফিকুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে জিআর-৪০২/১৫ নম্বর মামলায় প্রসেস নং-৮১৩/২৪-এর গ্রেফতারি পরোয়ানা ছিল।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন জানান, গ্রেফতার চারজনকে শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





















