বেনাপোলে বিজিবির অভিযানে ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ০৮:১৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ১৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, কসমেটিকস, ওষুধ, খাদ্যদ্রব্যসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মালামালের মূল্য ১৫ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৮১টি ভারতীয় শাড়ি, ২৪টি কম্বল, ১৯টি চাদর, ৩ কেজি জিরা, ১৮ প্যাকেট ফুচকা, ১৯ কেজি কিসমিশ, ৭ প্যাকেট সন পাপড়ি, ৭৩৭টি চকলেট, ৩৬০টি ওষুধ ও ১ হাজার ৯৪টি কসমেটিকস সামগ্রী।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ পাচারকারী চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















