ডিমলায় ৫৬ বছরের ভোগদখলীয় নিলামের জমি রক্ষায় সংবাদ সম্মেলন
- আপডেট: ০৫:৪১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ৬

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলায় নিলামে কেনা জমি থেকে উচ্ছেদ ও দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও ছোট ভাই।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বন্দর খড়িবাড়ী মৌজায় ভুক্তভোগীদের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থাপিত লিখিত বর্ণনা ও মৌখিক বক্তব্যে ভুক্তভোগী মোঃ মর্তুজা আলম (পিতা: মোঃ মিজানুর রহমান) জমির মালিকানা ও হস্তান্তরের ইতিহাস তুলে ধরে জানান:
নিম্ন তফসিল বর্ণিত এস.এ ৪৩ নং খতিয়ানের সাবেক ৩৬৪৪ দাগের ৮৫ শতক ভিটুসহ অন্যান্য দাগের ভিটুর মালিক ও ভোগদখলীকার ছিলেন লতিফর রহমান, সহিদার রহমান ও খলিলুর রহমান। তারা প্রত্যেকে ১/৬ অংশে ১০.২৪ একর করে ভিটু প্রাপ্ত হন।
লতিফর রহমান, সহিদার রহমান ও খলিলুর রহমান নালিশী দাগের ভিটুসহ অন্যান্য দাগের ভিটু দখলভোগ করাকালে তাদের আপন বোনদের সহিত গত ১২/০১/১৯৫৯ খ্রিষ্টাব্দে রেজিস্ট্রিকৃত ৭০১ নং বণ্টননামা দলিলমূলে নালিশী ৩৬৪৪ দাগের ৮৫ শতক ভিটু হালিমা খাতুন প্রাপ্ত হন। হালিমা খাতুন দখলভোগ করাকালে গত ১৪/০১/৫৯ খ্রিষ্টাব্দে রেজিস্ট্রিকৃত কবলা দলিলমূলে আবহার উদ্দীন আহাম্মদ ও মাহামুদ হোসেন বরাবর নালিশী দাগের ৮৫ শতক ভিটু বিক্রি করে দখলস্বত্ব ক্রেতা বরাবর হস্তান্তর করেন।।
আবহার উদ্দীন ও রুহুল আমিন দখলভোগ করাকালে ডিমলা একোয়ার্ড এস্টেট সার্টিফিকেট আদালত ৬১৩/১৯৬৮ নং মামলার গত ১২/০৯/১৯৭০ খ্রিষ্টাব্দে মোঃ মনসুর হোসেন (পিতা: মৃত ওলি উদ্দিন সরকার) নালিশী ৩৬৪৪ দাগের ভিটুসহ অন্যান্য দাগের ভিটু নিলামমূলে খরিদ করেন এবং দখলস্বত্ব বুঝে পান।
নিলামসূত্রে মালিক হওয়ার পর মনসুর হোসেন গত ১৩/০১/৭১ খ্রিষ্টাব্দে রেজিস্ট্রিকৃত ৩১২ নং কবলা দলিলমূলে ৩৬৪৪ দাগে ৪৩ শতক ও ২৮৫২ দাগে ০৬ শতক—মোট ৪৯ শতক ভিটু বড় ছেলে মিজানুর রহমানের স্ত্রী মোছাঃ রওশনারা বেগম (দুলালী) বরাবর বিক্রি করে দখলস্বত্ব হস্তান্তর করেন। রওশনারা বেগম দখলভোগ করাকালে বি.এস জরিপ আমলে তার নামে বি.এস ১৩১৬ খতিয়ান যথাযথভাবে রেকর্ড প্রচারিত হয় এবং তিনি খাজনা খারিজ করেন।
নিলামের পর থেকে দীর্ঘ ৫৬ বছর ধরে বংশপরম্পরায় তারা ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। পরবর্তীতে ২০২১ সালে মোছাঃ রওশনারা বেগম পরিবারের বড় ছেলে ওমর ফারুকের ছেলেকে (নাতি) উক্ত জমি দলিল করে দেন।
মর্তুজা আলম অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে নিলামের পূর্বের মালিকের ওয়ারিশ মৃত শহিদার রহমানের ছেলে—হাবিবুর রহমান (বাবু), হাসিবুর রহমান (লাকু), আবুল খায়ের (হাদী) ও হামিদুর রহমান (দিপু)সহ স্থানীয় একটি প্রভাবশালী মহল তাদের ওই জমি থেকে উচ্ছেদের নানা ষড়যন্ত্র শুরু করেছে। অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না এবং প্রতিবাদ করলে ভয়ভীতি ও জীবননাশের হুমকি দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত মালয়েশিয়া প্রবাসী উমর ফারুকের স্ত্রী মোছাঃ মিনা আক্তার (বেবি) বলেন: “আমার দাদা শ্বশুর ১৯৭০ সালে সরকারি নিলামে এই জমি কেনার পর থেকে আমরা বংশপরম্পরায় প্রায় ৫৬ বছর ধরে ভোগদখল করে আসছি এবং সে অনুযায়ী ওয়ারিশদের মধ্যে বিএস রেকর্ড হয়। আমার শাশুড়ির বড় ছেলে অর্থাৎ আমার স্বামী মালয়েশিয়ায় থাকেন এবং আমি বাচ্চা নিয়ে ঢাকায় থাকি। আমার শ্বশুর এবং শাশুড়ি তার ছোট ছেলেকে নিয়ে এখানে থাকেন। তাদেরকে অসহায় পেয়ে পাঁচ বছর পূর্বে আমার শ্বশুর-শাশুড়িকে এই জমি থেকে উচ্ছেদ করার জন্য শারীরিকভাবে নির্যাতন ও বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদান করেন।
আমার শাশুড়ি এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করতে চাইলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও তার ছোট ছেলেকে গুম করার হুমকি দেয়। সেই সময় প্রতিপক্ষরা আওয়ামী লীগ করার কারণে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে আমার শাশুড়িকে বল প্রয়োগ করে একটি সাদা স্ট্যাম্পে আপসনামার স্বাক্ষর নেন। পরবর্তীতে আবারো দলীয় প্রভাব খাটিয়ে সেই স্বাক্ষর দিয়ে একটি জাল দলিল তৈরি করে, সেই দলিল দিয়ে রেকর্ড কারেকশনের মামলা করে, যে মামলায় আমরা বা এ জমির ওয়ারিশ কেউই কোনো কিছু জানতাম না। তারা একতরফা মামলার রায় নিয়ে এখন এই জমি থেকে আমাদেরকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন ধরনের মামলা এবং পুলিশি হয়রানি করছে, এর সাথে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছে। আমার একটি প্রশ্ন, এখন তো দেশে আওয়ামী লীগ সরকার নেই, তারপরেও তারা টাকার জোরে প্রভাব খাটিয়ে আমাদের উপর জুলুম-নির্যাতন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে ও মামলা-মোকদ্দমা দিয়ে হয়রানি করছে। প্রবাসী স্ত্রী হিসেবে নিরুপায় হয়ে আমি আজকেই সংবাদ সম্মেলনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ ও দেশবাসীর কাছে সঠিক ও ন্যায়সংগত বিচার চাই এবং এই অন্যায় ও দুষ্কৃতকারীদের হাত থেকে সঠিক বিচারের মাধ্যমে মুক্তি চাই। একটি জাল দলিল তৈরি করেন, যেখানে আমার শ্বশুর এবং শাশুড়ির স্বাক্ষর এবং টিপসই দেওয়া ছিল না। সেই জাল দলিল দিয়ে এখন তারা আমাদের নিলামকৃত সম্পত্তি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করছে। স্বামী মালয়েশিয়ায়, কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু দাঙ্গাবাজ এবং দুর্নীতিকারী মানুষ আমাদেরকে উক্ত জমি থেকে উচ্ছেদের জন্য নির্যাতন করা, নারী নির্যাতন মামলা দেওয়া, গুম করা সহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদান করেন।
ভুক্তভোগী পরিবার তাদের বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করে প্রকৃত সত্য উদঘাটন, ষড়যন্ত্রকারীদের হাত থেকে জানমাল ও সম্পত্তি রক্ষা এবং প্রশাসনের কাছে ন্যায়বিচারের জোর দাবি জানিয়েছেন।





















