বেনাপোলে বিজিবির অভিযানে ৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ০৫:৫৭:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ১৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ৪৭ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৯ নভেম্বর-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪২টি ভারতীয় শাড়ি, ১১টি কম্বল, ৯টি চাদর, ৪ প্যাকেট ফুচকা, ৩ দশমিক ৫ কেজি কিসমিশ, ৪০টি চকলেট ও ৪৫২টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪৭ হাজার ৪০০ টাকা।
জব্দ করা চোরাচালান পণ্য আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান পণ্য পাচারকারীদের আটক করতে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















