নাভারণে বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের মাদকবিরোধী র্যালি ও সভা
- আপডেট: ১২:৩৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ৬

নিজস্ব প্রতিবেদক: তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে যশোরের শার্শায় এক বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নাভারণ বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর-২০২৬) বেলা ১২টায় নাভারণ বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের হয়। স্কুলের স্কাউট দলের বাদ্যের তালে তালে র্যালিটি নাভারণ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিদ্যালয়ের শত শত ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে মাদকের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন।
র্যালি শেষে বিদ্যালয় মিলনায়তনে বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি আবুল হাসান জহির বলেন, “আজকের তোমরাই আগামী দিনের অহংকার ও ভবিষ্যৎ। তোমাদের মূল কাজ হলো পড়ালেখায় মনোযোগী হওয়া এবং খেলাধুলায় যুক্ত থাকা। শরীর ও মন ভালো রাখলে মাদকের ভয়াল থাবা থেকে নিজেদের সহজেই দূরে রাখা সম্ভব।”
শিক্ষার্থীদের স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আমি তোমাদের মধ্য থেকেই আগামী দিনের দক্ষ ডিসি, এসপি, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও সৎ রাজনৈতিক নেতা হিসেবে দেখতে চাই। আমরা কোনো মাদকসেবী দেখতে চাই না। মনে রাখবে, মাদক কেবল একটি জীবন ধ্বংস করে না—একটি পরিবার, সমাজ তথা পুরো দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাভারণ প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর ফারুক হোসেন ও ছাত্রদল নেতা আব্দুস সোহান আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকবৃন্দ।
সভা শেষে উপস্থিত তরুণ ও শিক্ষার্থীরা সমাজ থেকে মাদক দূর করার এবং নিজেরা মাদকমুক্ত জীবন গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।























