নড়াইলে জমি নিয়ে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের দারস্থ ২ আসামি
- আপডেট: ০৭:৫৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ১৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বিজ্ঞ আমলী আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে সম্প্রতি একটি মামলার ২ আসামি হয়রানির শিকার হয়ে সাংবাদিকদের দারস্থ হয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর নড়াইলের চরবিলা গ্রামের মৃত আলহাজ্ব দাউদ মৌলানার ছেলে শহীদুল ইসলাম নড়াইল বিজ্ঞ আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে তুলারামপুর ইউনিয়নের বামনহাট গ্রামের কমল রায়ের ছেলে অসিত রায় ও বাঘারপাড়া উপজেলার দত্তরাস্তা গ্রামের আক্কাস ড্রাইভারকে আসামি করে একটি মামলা করেছেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে আসামি অসিত রায় ও আক্কাস ড্রাইভার মিলে শহিদুল ইসলামের জমি জোর করে ভোগ করছেন এবং আসামিরা ভূমি দস্যু, জালজালিয়াতকারী ও পরসম্পদ হরণকারীসহ অসংখ্য অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত।
কিন্তু সাংবাদিকদের দারস্থ অসিত রায় ও আক্কাস ড্রাইভার দুজনেই বলছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে এবং তাদের হয়রানি করা হচ্ছে।
অসিত রায় সাংবাদিকদের বলেন, আমরা সাংবাদিকদের মাধ্যমে বিজ্ঞ আদালতকে অবগত করতে চাই যে, বাদী শহীদুল সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে আমাদের বিরুদ্ধে এই হয়রানিমূলক মামলা করেছেন।
বাদী শহীদুল আমাদের বিরুদ্ধে ভূমিদস্যু, পরধনলোভী, দাঙ্গাবাজসহ বিভিন্ন অপরাধের মিথ্যা ট্যাগ লাগিয়ে আদালতে মামলা করেছেন। অথচ আমরা এলাকার সৎজন ও সমাজের সন্মানিত ব্যাক্তি। যে সম্পত্তির উল্লেখ করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে সেই সম্পত্তির যথাযথ প্রমাণাদি ও কাগজপত্র আপনাদের সামনে উপস্থাপন করছি এবং বিজ্ঞ আদালতেও প্রেরণ করব। বর্তমান সমাজের কালপিট লেবাসধারী শয়তান মামলাবাজ শহীদুলের আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময়ে উপস্থিত আক্কাস ড্রাইভার বলেন, আমাকে আসামি বানানোটা একেবারেই অযৌক্তিক। অসিত রায়ের সাথে ভালো সম্পর্কের কারণে এই মামলায় আসামি হতে হবে এটা আমি বুঝতে পারিনি। মিথ্যা ও হয়রানি থেকে আমাদের মুক্ত করতে এবং মামলাবাজ শহীদুলের উপযুক্ত শাস্তির জন্য আপনাদের (সাংবাদিকদের) সার্বিক সহযোগিতা কামনা করছি।





















