শালিখায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট: ১১:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ১৯

শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখায় আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শালিখা থানা পুলিশের আয়োজনে বুধবার (৭ অক্টোবর) আড়পাড়া কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের শালিখা উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান।
সংগঠনটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুমন বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিহারি লাল শিকদার সরকারি কলেজের প্রভাষক আশিস বিশ্বাস ও তালখড়ী পূজা মন্দিরের সভাপতি বংকিম চন্দ্র বিশ্বাসসহ স্থানীয় পূজা কমিটির নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ আশিকুর রহমান বলেন, “দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সার্বক্ষণিক সজাগ থাকবে। যেকোনো জরুরি প্রয়োজনে বা সমস্যায় সরাসরি যোগাযোগের জন্য আমার মোবাইল নম্বর ২৪ ঘণ্টা খোলা থাকবে।” তিনি আসন্ন দুর্গোৎসবে প্রতিটি মণ্ডপে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেন। পাশাপাশি লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় বিকল্প ব্যবস্থা হিসেবে আইপিএস বা জরুরি আলোর বন্দোবস্ত রাখার পরামর্শ দেন।
সভায় উপস্থিত পূজা উদযাপন ফ্রন্টের শালিখা উপজেলা শাখার নেতৃবৃন্দ ও মন্দির কমিটির প্রতিনিধিগণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে প্রেসক্লাব শালিখার সহ-সভাপতি জিআরএম তারিক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী জমাদ্দার, সাংবাদিক সুবির ঘোষসহ স্থানীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।





















