ঝিকরগাছা কামিল মাদ্রাসায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৩:৫৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ৯

স্টাফ রিপোর্টার : বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে র্যালীটি মাদ্রাসা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসায় এসে শেষ হয়।
র্যালী শেষে মাদ্রাসার হলরুমে অধ্যক্ষ মোঃ মুহিব্বুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতি তার বক্তব্যে বলেন, শিক্ষকরা হলেন জাতি এবং সমাজ পরিবর্তনের মূল কারিগর। আধুনিক, নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন জাতি গঠনে শিক্ষকদের আত্মত্যাগ ও অবদান অতুলনীয়। শিক্ষকদের নায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব। বর্তমান যুগে শিক্ষণ ব্যবস্থার মানোন্নয়নে শিক্ষকদের আরও যুগোপযোগী করে তুলতে এবং তাদের সামাজিক মর্যাদা সমুন্নত রাখতে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে।
মাদ্রাসার সহকারী শিক্ষক আশরাফুজ্জামান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ বদিউজ্জামান, শিক্ষক প্রতিনিধি মুহাদ্দিস আব্দুল মুহিত, শেখ মহসীন আলী, মোখলেছুর রহমান, সুলতানা পারভীন এবং গোলাম কিবরীয়া। বক্তারা শিক্ষা ও শিক্ষকের অধিকার রক্ষা এবং শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শিক্ষক সমাজের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম। অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি জুড়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে দারুন উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
























