বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ০৩:২০:১০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ১৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩৮টি শাড়ি, একটি থ্রি-পিস, তিনটি কম্বল ও সাত ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে। জব্দ করা চোরাচালান পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৬ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত চোরাচালান পণ্য আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
























