শার্শায় সততা, ন্যায় ও উন্নয়নের বার্তা নিয়ে গণসংযোগে যুবদল নেতা আল মামুন বাবলু
- আপডেট: ১২:১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১১

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলার রাজনীতির মাঠে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।
ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ‘সততা, ন্যায় ও উন্নয়ন’-এর রূপকল্প (ভিশন) সামনে রেখে মাঠে নেমেছেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী আল মামুন বাবলু।
বৃহস্পতিবার (২৭ আগস্ট-২০২৬) বিকেলে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে নাভারণ আনসার ক্যাম্প সংলগ্ন ও তুলি সিনেমা হল এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে গণসংযোগ ও সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন।
গণসংযোগকালে স্থানীয় সাধারণ পথচারী, ব্যবসায়ী ও প্রবীণ অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন আল মামুন বাবলু। এসময় তিনি এলাকার সার্বিক সমস্যা, নাগরিক দুর্ভোগ ও ভবিষ্যতের সম্ভাব্য সমাধান নিয়ে খোলামেলা আলোচনা করেন।
সাংবাদিক ও স্থানীয়দের উদ্দেশ্যে আল মামুন বাবলু বলেন, “ইউনিয়ন পরিষদ হলো তৃণমূল মানুষের শেষ ভরসাস্থল। কিন্তু সঠিক নেতৃত্ব ও স্বচ্ছতার অভাবে সাধারণ মানুষ প্রায়শই কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়। জনগণ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেয়, তবে শার্শা ইউনিয়নকে সততা, ন্যায়পরায়ণতা এবং আধুনিক অবকাঠামোর সমন্বয়ে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”
তিনি তাঁর ভবিষ্যৎ নির্বাচনী ইশতেহারের মূল বিষয়গুলো তুলে ধরে আরও জানান, নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের সেবার মান বহুগুণ বাড়ানো হবে। নাগরিক মতামত গ্রহণ এবং যেকোনো অনিয়ম বা নাগরিক সমস্যা দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিষ্ঠা করা হবে বিশেষ ‘অভিযোগ প্রতিকার সেল’।
ইউনিয়নের তরুণ প্রজন্মকে নিয়ে তাঁর পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, “যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এবং বেকারত্ব দূরীকরণে কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা স্বাবলম্বী হতে পারে।”
এছাড়া তিনি ইউনিয়নের প্রধান সড়কসমূহ সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, কালভার্ট নির্মাণ ও টেকসই অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় স্বাস্থ্যসেবার মান উন্নত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সমাজ থেকে বাল্যবিবাহ দূর করা, নারীর নিরাপত্তা নিশ্চিত এবং তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।
এদিনের গণসংযোগে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও স্থানীয় সমর্থকেরা অংশ নেন। বাবলুর এ গণসংযোগকে কেন্দ্র করে আনসার ক্যাম্প এলাকায় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।





















