রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ছয় এমপি
- আপডেট: ০৮:০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ৭

নিজস্ব প্রতিবেদকঃ মির্জা আব্বাস, রুমিন ফারহানা, মুফতি আবুল হাসান, মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, গাজী নজরুল ইসলাম ও মোস্তফা কামাল পাশা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন শেষ হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ শুরুর দুই ঘণ্টার মধ্যেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন অধিকাংশ সংসদ সদস্য।
তবে, বিএনপির মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ও খেলাফত মজলিসের মুফতি আবুল হাসানকে ভোট দিতে দেখা যায়নি।
বিএনপি সূত্র জানায়, অসুস্থজনিত কারণে ভোট দিতে আসেননি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস ও চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। আর নৈতিক স্খলনজনিত কারণে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি এ সংসদ সদস্যকে। তিনি আজ ভোট দিতে আসেননি।
অন্যদিকে, রাষ্ট্রপতি নির্বাচন বর্জন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলীয় সিদ্ধান্তের কারণে ভোট দেননি দলটির সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। আর সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে জানিয়েছে সংসদের একটি সূত্র।
সংসদ সদস্য রুমিন ফারহানার ভোট না দেওয়ার বিষয়ে কিছু জানা যায়নি।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ভোটগ্রহণ শুরু হলে প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তারপর ভোট দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভোট শেষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জয়ের পর সংসদে বিপুল করতালিতে অভিনন্দিত হয়েছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটের ফল ঘোষণা করেন।
ফল ঘোষণার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর পর্যায়ক্রমে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংসদ সদস্যদের সঙ্গে কোলাকুলি করেন।

























