যশোর বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করল আকিজ কলেজিয়েট স্কুলের শোয়াইব হাসান
- আপডেট: ১০:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১৭

নিজস্ব প্রতিবেদকঃ যশোর শিক্ষা বোর্ডের ফলাফলে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে আকিজ কলেজিয়েট স্কুলের মেধাবী শিক্ষার্থী মোঃ শোয়াইব হাসান।
বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ২১৮ নম্বর পেয়ে যশোর শিক্ষা বোর্ডের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে সে।
মোঃ শোয়াইব হাসান যশোরের শার্শা উপজেলার বেনাপোল এলাকার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তার বাবা মোহাম্মদ হাসানুজ্জামান শিমুল একজন স্বাস্থ্যকর্মী এবং মা নাসরিন সুলতানা স্কুলের শিক্ষিকা। সন্তানের এমন অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
শিক্ষাজীবনে নিয়মিত অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও শিক্ষকদের দিকনির্দেশনাকে সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে মনে করছে মেধাবী শিক্ষার্থী শোয়াইব। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে সে।
শোয়াইব হাসানের এই কৃতিত্বে তার পরিবার ও আকিজ কলেজিয়েট স্কুলের শিক্ষকরা অত্যন্ত আনন্দিত। তার সাফল্যে বোয়ালিয়া ও বেনাপোল এলাকার মানুষও গর্বিত।
বেনাপোলের ক্রীড়া সংগঠন বিকেএস এর আহবাহক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, শোয়াইব হাসানের এই অর্জন শুধু তার পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নয়, পুরো শার্শা উপজেলার শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে।





















