যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ-সহ আটক-২
- আপডেট: ০৬:১৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ১৭

নিজস্ব প্রতিবেদক: যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে প্রায় ৭ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৬৪১ গ্রাম স্বর্ণের বার, একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।
(২০ জুন,২০২৬) শুক্রবার দিবাগত রাত ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদর দপ্তরের ১ নম্বর গেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহল দল মহাসড়কে অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা।
অভিযানকালে স্বর্ণ বহনকারী প্রাইভেট কারসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিআল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের সানু মিয়ার ছেলে মো. আনিস (৩৬)।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি প্রাইভেট কার, ৩৬ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন এবং ৪ হাজার ৮১৫ টাকা নগদ জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত স্বর্ণ বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃক পরীক্ষার মাধ্যমে খাঁটি বলে নিশ্চিত করা হয়েছে।
জব্দ করা স্বর্ণ, প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ উদ্ধারকৃত মালামালের মোট বাজারমূল্য ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিলেন। সেগুলো সড়কপথে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ যশোর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।





















