বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা
- আপডেট: ১১:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / ৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে পারিবারিক কলহের জেরে ঘরের আড়কাঠে গলায় ওড়না পেঁচিয়ে আসমা খাতুন (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
শুক্রবার (১২ জুন-২০২৬) বিকেলে বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত আসমা খাতুন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা বাবু গাজীর মেয়ে। তারা দীর্ঘদিন ধরে বেনাপোল গ্রামের দুখু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আসমার বাবা ও মা উভয়েই নানামুখী ঋণে জর্জরিত ছিলেন। এরই মধ্যে আসমার ভাই সাকিব কোনো কাজকর্ম না করেই বিয়ে করেন। বেকার ভাইয়ের বিয়ের পর থেকেই পরিবারটিতে চরম অশান্তি ও অর্থনৈতিক টানাপোড়েন দেখা দেয়।
এরই ধারাবাহিকতায় আজ সকালে পারিবারিক কলহ চরম আকার ধারণ করলে বাবা বাবু গাজী ক্ষিপ্ত হয়ে ছেলে সাকিব ও তার নববধূকে ঝগড়া-বিবাদ করে বাড়ি থেকে বের করে দেন।
এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মাঝে তীব্র মানসিক চাপ ও মান-অভিমান তৈরি হয়। পরবর্তীতে পরিবারের সবার অলক্ষ্যে বিকেল বেলায় ঘরের আড়কাঠে ঝুলন্ত ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় আসমা।
ঘটনার পর আসমাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তার মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নিশাত জানান, “হাসপাতালে নিয়ে আসার আগেই ওই কিশোরীর মৃত্যু হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে এটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে।”
এদিকে আত্মহত্যার খবর পেয়ে শার্শা থানা পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে কোন ধরনের অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন।





















