শালিখার শতপাড়ায় ছাগল চুরি করে পিকআপে পালানোর সময় জনতার হাতে ৩ চোর আ*ট*ক
- আপডেট: ১০:২০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ২

শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার জেলার শালিখা উপজেলায় ছাগল চুরির অভিযোগে ৩ জনকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার ১০ জুন দুপুরে উপজেলার শতপাড়া গ্রাম থেকে একটি ছাগল চুরি করে। পিকআপ যোগে পালানোর সময় ধাওয়া করে তাদের আটক করে, পুলিশের হাতে তুলে দেন।
আটক ব্যক্তিরা হলেন—খুলনা সিটি করপোরেশনের আড়ংঘাটা এলাকার আজিজ গাজীর ছেলে হাছান গাজী (২৪), ডুমুরিয়া উপজেলার কাগমারী গ্রামের রাজ্জাক মোড়লের পুত্র গোলাম মোড়ল (২৬) এবং একই উপজেলার বাদুরগাছা গ্রামের বাদশা গাজীর পুত্র আহাদ গাজী (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টার সময় শতপাড়া গ্রামের নিজাম মোল্যার বাড়ির পেছন থেকে নাজমুল নামে এক ব্যক্তির একটি ছাগল পিকআপে তুলে নেয় চোরচক্রের সদস্যরা।
এ সময় স্থানীয় এক ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে চিৎকার দিলে অভিযুক্তরা দ্রুত পিকআপ নিয়ে পালানোর চেষ্টা করে।
পরে স্থানীয়রা তাদের ধাওয়া করলে প্রায় পাঁচ কিলোমিটার পথ পেরিয়ে কাঠালবাড়ীয়া এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা চারজন পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তিনজনকে আটক করতে সক্ষম হয়। অপর একজন পালিয়ে যায়। খবর পেয়ে শালিখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনকে থানায় নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে একটি ছাগল, একটি গরু, দুটি এলপিজি গ্যাস সিলিন্ডার এবং তিন টনের একটি পিকআপ জব্দ করা হয়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ চোরচক্রের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















