সুন্দরবনের ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর রসদ সরবরাহকারী সবুর শেখ ৩টি শুটারগানসহ র্যাবের হাতে গ্রেফতার
- আপডেট: ১২:৩২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / ৪

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের রামপালে ৩টি ওয়ান শুটার পাইপগানসহ সুন্দরবনের চাঞ্চল্যকর ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর অন্যতম প্রধান অস্ত্র ও খাদ্য সরবরাহকারী মোঃ সবুর শেখকে (৫১) গ্রেফতার করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার (১১ জুন,২০২৬) দুপুর ২টা ৫০ মিনিটের সময় র্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানার শ্রীফল তলা (দক্ষিণপাড়া) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সবুর শেখ ওই এলাকার মৃত আক্তার আলী শেখের ছেলে।
র্যাব জানায়, সবুর শেখ দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সুন্দরবনের কুখ্যাত জলদস্যু ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীকে গোপনে অস্ত্র ও খাদ্য সামগ্রীসহ বিভিন্ন রসদ সরবরাহ করে আসছিল।
বৃহস্পতিবার দুপুরে শ্রীফল তলা এলাকায় তার অবস্থানের খবর পেয়ে র্যাবের একটি আভিযানিক দল সেখানে আকস্মিক অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার হেফাজত থেকে কালো প্লাস্টিকের পলিথিনে মোড়ানো অবস্থায় দেশীয় তৈরি ৩টি ওয়ান শুটার পাইপগান উদ্ধার ও জব্দ করা হয়।
র্যাব সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত সবুর শেখ একজন পেশাদার অপরাধী। তার অতীত অপরাধের রেকর্ড পর্যালোচনা করে বাগেরহাট জেলার মোংলা থানায় আরও দুটি মামলার তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীকে নিয়মিত অস্ত্র ও খাদ্য জোগানোর কথা স্বীকার করেছে।
গ্রেফতারের পর সবুর শেখের বিরুদ্ধে রামপাল থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব নিশ্চিত করেছে।
এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি, সাজাপ্রাপ্ত আসামি ও সুন্দরবনের দস্যু দমনে র্যাবের এই কঠোর ও আপসহীন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।





















