যশোরে বিজিবির অভিযানে ২ টি স্বর্ণের বারসহ শার্শার যুবক আটক
- আপডেট: ০৯:৩৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ৪

নিজস্ব প্রতিবেদক: যশোর-মাগুরা মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪৫ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ভোরে পরিচালিত এ অভিযানে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা স্বর্ণ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল-২০২৬) ভোর ৫টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহল দল যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া ঈদগাঁহ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তার কোমরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২৪০.৬০ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৭০ টাকা জব্দ করা হয়।
আটককৃত মো. আলামিন (৩২) যশোর জেলার শার্শা থানার ছোট নিজামপুর গ্রামের অলিয়ার রহমানের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন জানায়, ঢাকার সায়দাবাদ এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাদবপুরে নিয়ে যাচ্ছিলেন তিনি।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত স্বর্ণের মূল্য ৪৪ লাখ ৮৯ হাজার ৩৫৫ টাকা, মোবাইল ফোনের মূল্য ২০ হাজার টাকা এবং নগদ টাকাসহ মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৪৫ লাখ ১৪ হাজার ৪২৫ টাকা।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বার দুটি যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের পাচার রোধে বিজিবির অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।






















