বাগআঁচড়ায় বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও ইফতার বিতরণ
- আপডেট: ১১:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও তার ছোট সন্তান মরহুম আরাফাত রহমান কোকো-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
একই সঙ্গে তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় মহান আল্লাহর দরবারে বিশেষ শুকরিয়া আদায় করা হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেনের সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. নাসিম জামান রিফাত।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল মিন্টু বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তাঁর আদর্শ আজও আমাদের রাজনৈতিক চেতনার মূলভিত্তি। বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করেছেন। তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করছি।”
ইফতার মাহফিলের সার্বিক সহযোগীতায় ছিলেন জিয়া পরিচালনা পরিষদের সদস্য, আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের দায়িত্বশীল প্রতিনিধি এবং শার্শা উপজেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক এবিএম মাসুদুল আলম। আয়োজকদের দাবি, প্রবাসে অবস্থান করেও তিনি পুরো আয়োজনের দিকনির্দেশনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন। তার তত্ত্বাবধানে কর্মসূচিটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে দোয়া ও ইফতার কর্মসূচিতে অংশ নেন। আয়োজন শেষে দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।






















