বাঘারপাড়ায় ষড়যন্ত্রের অভিযোগে বিএনপি নেতার বহিস্কার দাবিতে ঝাড়ু মিছিল”
- আপডেট: ০৭:২৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৩

সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়ায় দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে রুহুল কুদ্দুস কাজল ও নুরে আলম সিদ্দিক সোহাগকে বহিষ্কারের দাবিতে ২৩ ফেব্রুয়ারী বিকেলে ঝাড়ু মিছিল করেছে বাঘারপাড়া উপজেলা ও পৌর মহিলা দল।
জানা গেছে, যশোর-৪ আসনের সাম্প্রতিক নির্বাচনকে ঘিরে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করে দলের একাংশ।
মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । এতে মহিলা দলের নেতা-কর্মীরা অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাদের অভিযোগ, যশোর-৪ আসনের নির্বাচনে দলীয় প্রার্থীকে পরাজিত করার লক্ষ্যে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ও অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি করা হয়েছে। এসময় সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “দলের শৃঙ্খলা ভঙ্গ ও প্রার্থীদের বিরুদ্ধে গোপন তৎপরতা চালানো কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে কঠোর সিদ্ধান্ত নিতে হবে।”
প্রতিবাদ সমাবেশে শেষ বক্তব্য রাখেন, বাঘারপাড়া উপজেলা কৃষক দলের সভাপতি মশিউল আযম। তিনি বলেন, “দলের ঐক্য ও ভাবমূর্তি রক্ষায় আপোসের কোনো সুযোগ নেই। অভিযুক্তদের দ্রুত বহিষ্কার করা না হলে তৃণমূল নেতাকর্মীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
মিছিল থেকে কেন্দ্রীয় বিএনপির নিকট রুহুল কুদ্দুস কাজল ও নুরে আলম সিদ্দিক সোহাগের বিরুদ্ধে তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘটনায় নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।






















