দীর্ঘ ২২ বছর পর খুলনায় গিয়ে নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
- আপডেট: ০১:৫৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭৭

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ ২২ বছর পর খুলনায় গিয়ে নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার বেলা সাড়ে ১২টায় নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আসেন সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটে মঞ্চে উপস্থিত হয়েছেন তিনি। এ সময় সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় চারপাশ।
এর আগে, বেলা সোয়া ১১টার দিকে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এতে খুলনা নগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা সভাপতিত্ব করছেন। সমাবেশ পরিচালনা করছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
মঞ্চে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের ধানের শীষের ১৪টি আসনের প্রার্থীরা আছেন। তাদের মধ্যে রয়েছেন-আমীর এজাজ খান (খুলনা-১), নজরুল ইসলাম মঞ্জু (খুলনা-২), রকিবুল ইসলাম (খুলনা-৩), এস কে আজিজুল বারী (খুলনা-৪), মোহাম্মদ আলি আসগার (খুলনা-৫), এস এম মনিরুল হাসান বাপ্পী (খুলনা-৬); হাবিবুল ইসলাম হাবিব (সাতক্ষীরা-১), আব্দুর রউফ (সাতক্ষীরা-২), কাজী আলাউদ্দীন (সাতক্ষীরা-৩), মনিরুজ্জামান (সাতক্ষীরা-৪); কপিল কৃষ্ণ মন্ডল (বাগেরহাট-১), শেখ মোহাম্মদ জাকির হোসেন (বাগেরহাট-২), শেখ ফরিদুল ইসলাম (বাগেরহাট-৩) ও সোম নাথ দে (বাগেরহাট-৪)। সমাবেশস্থলে দূর-দূরান্ত থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে।
তারেক রহমান তার ভাষণে খুলনার বন্ধ মিল-কলকারখানা চালু, দক্ষিণাঞ্চলে পাইপ লাইনে গ্যাস, সুন্দরবন কেন্দ্রিক ট্যুরিজম, তথ্য প্রযুক্তি (আইটি) সেক্টরের উন্নয়ন, কর্মসংস্থান, উপকূলীয় অঞ্চলের মানুষের জানমাল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং খুলনার উন্নয়নে রূপরেখা ভোটারদের সামনে তুলে ধরবেন এমনটি প্রত্যাশা করছেন বিএনপির নেতাকর্মীরা।

খুলনা নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, “খুলনা ঐতিহাসিকভাবে বিএনপির শক্তিশালী ঘাঁটি। জাতীয় নির্বাচনের আগে তারেক রহমানের এই সফর দলের রাজনৈতিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আশা করছি, প্রভাতী স্কুলের সমাবেশে দলীয় কর্মী ও সমর্থকসহ প্রায় ১৫ লক্ষ মানুষ যোগ দেবেন। এই সমাবেশ দক্ষিণাঞ্চলে বিএনপির সাংগঠনিক শক্তি প্রদর্শন এবং ভোটারদের আস্থা পুনরুদ্ধারে একটি মাইলফলক হবে।”




























