নির্বাচন উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- আপডেট: ০৫:৪৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ১৭

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন ১৮টি জেলার ১০৮টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল আমড়াখালী চেকপোস্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দক্ষিণ-পশ্চিম রিজিয়নের পক্ষে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নির্বাচনকালীন দায়িত্ব পালনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিজিবি সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কাজ করছে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।
দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন এলাকায় নির্বাচনী নিরাপত্তা জোরদারে ৯৩টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। প্রতিটি উপজেলায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। উপজেলা ভেদে সর্বোচ্চ ছয়টি পর্যন্ত প্লাটুন মোতায়েন রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় তিনটি জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে প্রায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় ১১টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন রয়েছে। যেকোনো পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রমাণ সংরক্ষণের জন্য ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।
নির্বাচন উপলক্ষে দায়িত্বপূর্ণ উপজেলাসমূহে ডমিনেশন পেট্রোল পরিচালনার মাধ্যমে জনমনে আস্থা বৃদ্ধিতে কাজ করছে বিজিবি। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কার্যক্রম চলছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, অস্ত্র ও গোলাবারুদের অনুপ্রবেশ এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে বিভিন্ন চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। ঝুঁকি বিবেচনায় দেশের সব ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে।
যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (আরএটি) ও হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত থাকবে। নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে।
বর্ডার গার্ড বাংলাদেশ, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর ও যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।



















