কালীগঞ্জে ৯৮৩ বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেফতার
- আপডেট: ০১:৪৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ১১৭

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালীগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৬। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ থানার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ইয়াসমিন জাহান (৩২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি কালীগঞ্জ থানার দাদপুর গ্রামের মাদক ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী। র্যাব জানায়, ইয়াসমিন জাহানের স্বামী এর আগেও মাদকসহ গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে সর্বমোট ৯৮৩ বোতল ফেনসিডিল (উইনসেরেক্স) উদ্ধার করে জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।






















