শার্শা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় স্টেরয়েড ওষুধ ও মদ আটক
- আপডেট: ০৪:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ৭৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় স্টেরয়েড ওষুধ ও মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ কায়বা বিওপি এই অভিযান পরিচালনা করে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৭ হাজার ২২০ পিস ভারতীয় ডেক্সন (DEXON) ট্যাবলেট এবং ৪২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, আটককৃত ওষুধ ও মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় মামলার আলামত হিসেবে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, সীমান্তে বিজিবি’র কঠোর নজরদারির ফলে চোরাচালান চক্রের তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

















