বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় শাড়ি–কসমেটিক্সসহ চোরাচালান মালামাল আটক
- আপডেট: ০৯:৩৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ৩৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি ও কসমেটিক্সসহ চোরাচালান মালামাল জব্দ করেছে ৪৯ বিজিবি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)–এর বিশেষ টহলদল, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির পৃথক অভিযানে এসব মালামাল আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৮ হাজার ৩০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দে তারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।
এদিকে জব্দকৃত শাড়ি ও কসমেটিক্সসহ সব মালামাল প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।




















