যশোরে র্যাবের অভিযানে ককটেল-চাকু ও দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী মুরাদ গ্রেফতার
- আপডেট: ১২:১৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ৪১

নিজস্ব প্রতিবেদক: যশোরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্য ও দেশীয় অস্ত্র মজুতের অভিযোগে মো. মুরাদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প।
শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) দুপুরে চাঁচড়া মাছের পোনা বিক্রয় কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টা ৪৫ মিনিটে জানা যায়—ওই এলাকায় এক ব্যক্তি বিস্ফোরক দ্রব্য নিয়ে অবস্থান করছে। পরে দুপুর ১২টা ১০ মিনিটে অভিযান পরিচালনা করে মুরাদকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি টিপ চাকু ও একটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে মুরাদ স্বীকার করে যে রেলগেট-সংলগ্ন চোরমারা মাঠ এলাকায় তার হেফাজতে ককটেল বোমাসহ দেশীয় অস্ত্র লুকানো আছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে বিকেল ৩টা ৩০ মিনিটে ওই স্থানে অভিযান চালিয়ে ঘাসের ঝোপের ভেতর থেকে দুইটি ককটেল বোমা, তিনটি হাসুয়া, একটি কুড়াল ও একটি লোহার রড উদ্ধার করা হয়।
এদিকে র্যাব জানায়, মুরাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের দুটি মামলা ইতোমধ্যে বিচারাধীন রয়েছে।
র্যাব-৬, সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক বলেন, “র্যাব আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে। সন্ত্রাসী, নাশকতাকারী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধী চক্রকে আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি জানান, গ্রেফতারের পর মুরাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং জব্দ করা আলামতসহ তাকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




















