বিজিবি’র অভিযানে আমড়াখালী ও মাসিলাতে ফেন্সিডিল, বিদেশি মদ ও গাঁজাসহ চোরাচালানি পণ্য জব্দ
- আপডেট: ০৭:০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / ১১১

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল-চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) ৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের আওতাধীন মাসিলা বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, গাঁজা, শাড়ি এবং কসমেটিকস সামগ্রীসহ মোট ৩,৩৭,৯০০ (তিন লাখ সাঁইত্রিশ হাজার নয়শ) টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি নিয়মিতভাবে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে।
তিনি বলেন, “দীর্ঘদিন ধরেই পাচারচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় সীমান্তে নজরদারি ও আভিযানিক তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “সীমান্তে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে দেশের যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করা যায় এবং চোরাচালান প্রতিরোধ সম্ভব হয়।”
বিজিবি সূত্র আরও জানান, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে এবং তা বিধি মোতাবেক ধ্বংস করা হবে। অন্যদিকে, চোরাচালান পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।






















