বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযান: মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ ১জন আটক
- আপডেট: ০৯:১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ৭৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামালসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আন্দুলিয়া, হিজলী বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, বাইসাইকেল, ফুসকা, শাড়ি, টি-শার্ট এবং কসমেটিকসসহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটক মালামালের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৫৩ হাজার ২০০ টাকা।
অভিযানে আটককৃত ব্যক্তি যশোরের চৌগাছা থানার কাকুরিয়া নওদাপাড়ার বাসিন্দা জহির মোল্লার ছেলে শুকুর মোল্লা (২৯)। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান রোধে বিজিবি গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে সাম্প্রতিক এ সফল অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা নিয়ম অনুযায়ী ধ্বংস করা হবে। এছাড়া অন্যান্য চোরাচালানী পণ্য কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানান তিনি।






















