বেনাপোলে বিজিবি’র অভিযানে বিদেশি মদ, ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ
- আপডেট: ০৯:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১২৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিদেশি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) ৪৯ বিজিবির বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি টহল দল যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে বিদেশি মদ, ভারতীয় শাড়ি, কম্বল, থ্রী-পিস ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের বাজারমূল্য আনুমানিক ৬ লাখ ১৬ হাজার টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলেন, “দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকপাচার রোধে বিজিবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “আটককৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং সেগুলো নিয়ম অনুযায়ী ধ্বংস করা হবে। অপরদিকে অন্যান্য চোরাচালানী পণ্য কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।”
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






















