সাংবাদিক মনিরুলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত
- আপডেট: ০৮:৫৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / ৬৯

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে যশোরের সাংবাদিক সমাজ।
সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে জেলা সাংবাদিক ইউনিয়ন এবং দৈনিক লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিপুল সংখ্যক সাংবাদিকবৃন্দের উপস্থিতি দেখা যায়।
প্রতিবাদী কণ্ঠে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, “মনিরুল ইসলাম মনি একজন আপোষহীন সাংবাদিক। তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। তদন্ত ছাড়াই মামলা রেকর্ড করে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে—এটি গণতন্ত্রের জন্য লজ্জা।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, লোকসমাজের মফস্বল ফোরামের সভাপতি মজনুর রহমান এবং নজরুল ইসলাম মল্লিক প্রমুখ।
এছাড়াও বিভিন্ন উপজেলা ইউনিট ও প্রেসক্লাব থেকে সাংবাদিক নেতৃবৃন্দ মানববন্ধনে যোগ দেন। উপস্থিত ছিলেন বেনাপোল প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জামাল হোসেন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ও সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি মো. শাহিদুল ইসলাম শাহিন ও সাধারণ সম্পাদক মো. আইয়ুব হোসেন পক্ষীসহ শার্শা উপজেলার সাংবাদিকরা।
সাংবাদিক নেতারা বলেন, “ওসি তদন্ত না করেই মামলা রেকর্ড করেছেন। এর পেছনে রয়েছে কোনো মহলের প্রভাব। সাংবাদিক সমাজ এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”
এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিক মনিরুলের মুক্তি না দিলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
তারা আরও বলেন, “পুলিশ যদি মনে করে সাংবাদিকদের দমন করা যাবে, তাহলে তারা বড় ভুল করছে। সাংবাদিকদের কলম থামানো যাবে না।”
একই সাথে শার্শা থানার ওসির অপসারণ ও পুলিশ সুপারের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন তারা।
মানববন্ধনে সতর্কবার্তা দিয়ে বলা হয়—”তদন্ত ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে মামলা রেকর্ড করলে তার চরম মূল্য দিতে হবে।”






















