শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার-১
- আপডেট: ০২:২৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ১১২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) ভোরে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
থানা সূত্রে জানা গেছে, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আলিমের দিকনির্দেশনায় এসআই হযরত আলী, এএসআই মোঃ সিলন আলী ও সঙ্গীয় ফোর্সসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লক্ষণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর (পূবেরপাড়া) এলাকায় অভিযান চালায়। এ সময় আটক মোঃ জুলফিকার আলী ভুট্টো (৩৫), পিতা-মোঃ কওছার মোড়ল এর বসতবাড়ি তল্লাশি করে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।
পুলিশ জানায়, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় শার্শা থানায় একটি মামলা (নং-১০, তাং-১০/০৯/২০২৫) রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত জুলফিকার আলী ভুট্টোকে একইদিন বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে সে গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত ছিল।




















