যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ
- আপডেট: ০৮:১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১৪৯

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদস্যরা।
বিজিবি সূত্রে জানা গেছে, শালকোনা, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের বিভিন্ন পয়েন্টে একযোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ফেনসিডিল, বিদেশি মদ, ভারতীয় শাড়ি, কম্বল, পোশাক সামগ্রী, চকলেট, পেস্তা বাদাম, খৈনি, মোটরসাইকেলের বিভিন্ন পার্টস, কসমেটিকস ও ঔষধসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ২০ লাখ ৫০ হাজার ৭০০ টাকা।
বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা ও সুনির্দিষ্ট পরিকল্পনার আওতায় এ অভিযান পরিচালিত হয়। তিনি আরও জানান, ‘সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।’
অভিযানে আটককৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে এবং অন্যান্য পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়েছে।






















