বেনাপোলে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ প্রায় ১২লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ
- আপডেট: ১১:১৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / ১০৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) ৪৯ বিজিবির একটি বিশেষ টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এ অভিযান চালায়।
অভিযানে বিদেশী মদ, ভারতীয় শাড়ি, থ্রী-পিস, কম্বল, মোবাইল ফোন, নগদ টাকা, গাড়ির পাতিসেট ও বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী জব্দ করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ১১ লাখ ৭০ হাজার টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি গোয়েন্দা তৎপরতা ও পরিকল্পিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকের অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে।”
তিনি আরও বলেন, “যশোর ব্যাটালিয়নের অধীন সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও চোরাচালানি দমনে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বিজিবি সূত্রে আরও জানা যায়, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে এবং সেগুলো আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে। অন্যদিকে, চোরাচালানী মালামাল যথাযথ কাগজপত্রের মাধ্যমে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।




















