অভয়নগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট: ১২:৫১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / ১৪৯

নিজস্ব প্রতিবেদক: অভয়নগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনায় দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন।
বুধবার (২৫ জুন-২০২৫) বেলা দেড়টার সময় পুলিশ সদস্যরা সিদ্ধিপাশা পুলিশ ক্যাম্প এলাকার প্রেমবাগ বাজারের কাছে একটি অভিযান চালিয়ে মমিন গাজী (৫২) ও মুন্না খান (৪৩) নামের দুই ব্যক্তিকে আটক করে।
গ্রেফতারকৃত আসামি মমিন গাজী খুলনা জেলার সদর থানাধীন রেলওয়ে ঘাট কলোনি এলাকার গফুর গাজীর ছেলে এবং মুন্না খান, যিনি নূর ইসলাম নামে পরিচিত, একই জেলার গ্রিন ল্যান্ড আবাসন সি ব্লকের মৃত আ. মান্নান খানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পিসিপিআর যাচাইয়ের মাধ্যমে জানা গেছে, মমিন গাজীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা সহ মোট পাঁচটি মামলা রয়েছে, আর মুন্না খানের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
অভয়নগর থানায় মামলা নং-১৫, তাং-২৫/০৬/২০২৫ খ্রিঃ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অভয়নগর থানা পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।






















