বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ সাড়ে চৌদ্দ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ
- আপডেট: ০৯:০০:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / ১৪৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ জুন) ৪৯ বিজিবি’র যশোর ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে বিদেশি মদ, ভারতীয় মোবাইল ফোন, বিভিন্ন প্রকার ঔষধ, খাদ্য সামগ্রী, তামাকজাত পণ্য ও কসমেটিক্স। জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের বাজারমূল্য আনুমানিক ১৪ লক্ষ ৪৩ হাজার ৪২০ টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, “বিজিবির নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ পরিকল্পনার আওতায় সীমান্ত এলাকায় অভিযান চালানো হচ্ছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, “জব্দকৃত ভারতীয় পণ্যসমূহ যথাযথ আইনি প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে।”






















