যশোর সীমান্তে ৪৯ বিজিবি’র পৃথক অভিযানে মাদকসহ বারো লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ
- আপডেট: ০৯:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / ১০৯

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে বিজিবি কর্তৃক একটি সফল অভিযান চালানো হয়েছে, যার মাধ্যমে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৫ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল আন্দুলিয়া, পাঁচপীরতলা, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, থ্রি-পিস, পোশাক সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য আনুমানিক ১২,১৪,৬০০/- (বারো লক্ষ চৌদ্দ হাজার ছয়শত) টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, “দীর্ঘদিন যাবত সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্রের বিরুদ্ধে বিজিবি’র বিশেষ গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে যশোর ব্যাটালিয়ন নিয়মিতভাবে অভিযান চালিয়ে মাদক ও চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হচ্ছে। বিজিবি’র এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “জব্দকৃত ভারতীয় পণ্যসমূহ যথাযথ আইনি প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে।”





















