ঝিকরগাছা থানা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
- আপডেট: ০৬:৪৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
- / ১১৪

সাব্বির হোসেন, ঝিকরগাছা, যশোর: ঝিকরগাছা থানা এলাকার বিষহরি খালপাড়া মসজিদ সংলগ্ন স্থানে গতকাল বিকেল আনুমানিক ৪:৩০ ঘটিকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আকরাম হোসেন (২২) নামের এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা গেছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, শার্শা থানাধীন শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন আকরাম হোসেন। ঝিকরগাছা থানাধীন বিষহরি এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি অজ্ঞাত পরিচয়ের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে আকরাম রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পাওয়া গেছে, আকরাম মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরিহিত ছিলেন না।
নিহতের পিতা ইব্রাহিম জানান, আকরাম সৈয়দপুর গ্রামের বাসিন্দা এবং চৌগাছা থানার আওতাধীন। পুলিশ দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে।





















