সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদসহ ছয় লক্ষাধিক টাকার অবৈধ মালামাল আটক
- আপডেট: ০৮:০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
- / ১৯৫

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে ছয় লক্ষ বাহাত্তর হাজার আটশত টাকা মূল্যের মাদকদ্রব্য, ভারতীয় শাড়ি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১১ জুন) ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বেনাপোল ও আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানে বিদেশি মদ, ভারতীয় গাঁজা, ফেন্সিডিল, শাড়ি, ঔষধ ও কসমেটিক্সসহ বিভিন্ন চোরাচালান পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬,৭২,৮০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান চক্রের তৎপরতা অনেকটাই হ্রাস পেয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় পণ্যসমূহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটককৃত বিদেশি মদ ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে।





















