চৌগাছায় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চালুর দাবীতে এবি পার্টির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
- আপডেট: ১০:৩৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / ১৪৫

স্টাফ রিপোর্টার : যশোরের চৌগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মঙ্গলবার (৩ মে) বিকাল ৫টায় “আমার বাংলাদেশ পার্টির” উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করনসহ ৬ দফা দাবি জানানো হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ বলেন, প্রশাসনিক অনুমোদনের অভাবে সরকারী ভবন চালু হচ্ছে না অথচ একই প্রশাসন বেসরকারী বিভিন্ন ক্লিনিকের অনুমোদন দিচ্ছে। পাশাপাশি নতুন হাসপাতালে ডাক্তারদের জন্য নবনির্মিত আবাসিক ভবনের অনুমতি ছাড়াই বসবাস করছেন কর্মকর্তারা। প্রতিদিন ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া অধিকাংশ রোগীদেরকে সেবা নিতে হচ্ছে বারান্দা ও ওয়ার্ডের মেঝেতে কিন্তু পাশেই পড়ে আছে নতুন ভবন। রাষ্ট্র সেবা দেওয়ার নামে নাগরিকদেরকে মেঝেতে বা বারান্দায় রেখে চিকিৎসার মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করতে পারে না। এসময় মানববন্ধনে শেষে ৬ দফা দাবী সংবলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রদান করা হয়। দাবী গুলো হলো নবনির্মিত ১০০ শয্যা হাসপাতাল চালু করা। ১০০ শয্যা হাসপাতালের জন্য ৭৪ ডাক্তার নিশ্চিত করা। উপজেলায় সকল কমিউনিটি ক্লিনিকগুলোকে সচল করা। উপজেলায় মানহীন ও লাইসেন্স বিহীনভাবে গড়ে ওঠা প্রাইভেট ক্লিনিকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। গ্রাম্য ভুয়া ডাক্তারের (ডেন্টালসহ) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। হাসপাতালের অভ্যন্তরে একটি সরকারী ঔষধ বিক্রয় কেন্দ্র স্থাপন করা।
এসময় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, কুতুব উদ্দিন রাসেল, ওয়াকিমুল ইসলাম, এবি পার্টির চৌগাছা উপজেলার নেতা নাসিম রেজা নাহিদ, সাংবাদিক মেহদী হাসান শিপলু, দেলোয়ার হোসেন সহ আরো অনেকে।





















