কেশবপুরে জেলি-সোডা মিশিয়ে দুধ তৈরির কারখানায় র্যাবের অভিযান, ৬ জনের কারাদণ্ড
- আপডেট: ১০:৫৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে র্যাবের অভিযানে সংঘবদ্ধ ভেজাল দুধ উৎপাদনকারী একটি চক্রের ৬ সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ জেলি, তেল, সোডা ও ভেজাল দুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
সোমবার (৯ মার্চ ২০২৬) র্যাব-৬ এর সিপিসি-৩ যশোর ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কেশবপুর উপজেলার পাথরঘাটা গ্রামের ঘোষপাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভেজাল দুধ উৎপাদনকারী চক্রের ছয় সদস্যকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন যশোর র্যাব ক্যাম্পের কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স। মোবাইল কোর্ট পরিচালনা করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
মোবাইল কোর্টে ভেজাল দুধ উৎপাদনের দায়ে অরুপ ঘোষ, রামপ্রসাদ ঘোষ, বুদ্ধদেব ঘোষ, মিলন ঘোষ ও স্বপন ঘোষকে এক বছর করে কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া পার্থ ঘোষকে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে সাজা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অভিযান চলাকালে কারখানা থেকে বিপুল পরিমাণ জেলি, তেল, সোডা এবং ভেজাল দুধ তৈরির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। পরে জনসম্মুখে এসব ক্ষতিকর উপকরণ ধ্বংস করা হয়।
অভিযান শেষে র্যাব-৬ এর সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স বলেন, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। দুধে জেলি ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে যারা সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।




















