কৃতিত্বপূর্ণ অবদানে বিজিওম পদক পেলেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম
- আপডেট: ১২:০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / ১৪৪

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ২০২৫ সালে ‘বর্ডার গার্ড অবদান পদক (বিজিওম)’ অর্জন করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম।
এই সম্মাননা প্রাপ্তির মাধ্যমে তাঁর পেশাগত জীবনে যুক্ত হলো আরও একটি গৌরবোজ্জ্বল স্বীকৃতি।
বিজিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিষ্ঠা, পেশাদারিত্ব ও প্রশাসনিক দক্ষতার স্বাক্ষর রাখায় তাঁকে এই পদকে ভূষিত করা হয়। দায়িত্ব পালনে সততা ও কর্মনিষ্ঠার কারণে তিনি ইতোমধ্যেই বাহিনীর ভেতরে একজন দক্ষ ও নির্ভরযোগ্য কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
বর্তমানে তাঁর পূর্ণ নাম ও উপাধি— মোঃ শরীফুল ইসলাম, পিবিজিএমএস, বিজিওম।
এর আগে ২০২২ সালে তিনি ‘প্রেসিডেন্ট বর্ডার গার্ড পদক (সেবা)’ বা পিবিজিএমএস অর্জন করেন। এছাড়া ২০২১ সালে ইনসিগনিয়াসহ বিজিবি মহাপরিচালকের বিশেষ প্রশাসনিক প্রশংসাপত্র লাভ করেন তিনি।
একাধিকবার রাষ্ট্রীয় ও বাহিনীপ্রধানের স্বীকৃতি পাওয়া মোঃ শরীফুল ইসলামের এই অর্জন বিজিবির অন্যান্য সদস্যদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






















