সীমান্তে বিজিবি’র অভিযানে ওষুধসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ১০:৪৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / ৫৫

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে শাড়ি, শাল-চাদর, কম্বল, বিভিন্ন প্রকার ওষুধ ও কসমেটিকসসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল মাসিলা বিওপি ও বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে। আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য দুই লাখ ৮৪ হাজার টাকা।
আটককৃত চোরাচালান সামগ্রী যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে চোরাচালান ও পাচারচক্র দমনে সাফল্য অর্জিত হচ্ছে।
তিনি আরও জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ কার্যক্রম রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















