যশোরে অসহায়দের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
- আপডেট: ০৯:৩৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ৭৫

নিজস্ব প্রতিবেদক: শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রিজিয়ন সদর দপ্তর, যশোর ও যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর উদ্যোগে যশোর শহরের রেল স্টেশন ও বেনাপোল এলাকায় গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচির অংশ হিসেবে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) রিজিয়ন সদর দপ্তর, যশোর ও যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় যশোর রেল স্টেশন ও বেনাপোল এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ উপস্থিত থেকে আনুমানিক ২০০ জন গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।
এ সময় বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবি নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবির এ মানবিক উদ্যোগে স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সন্তোষ প্রকাশ করে এর প্রশংসা করেন।



















