তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শহিদুল ইসলামের নিঃশর্ত মুক্তি চাইলো বিএনপি
- আপডেট: ০৮:৩৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ৫৯

নিজস্ব প্রতিবেদকঃ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার কে এম শহিদুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছে বিএনপি। একইসঙ্গে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান জানানোর জন্যও দলটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
শনিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র মরহুম শহীদ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ এ কে এম শহিদুল ইসলামকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
বিএনপি বলছে, একটি গণতান্ত্রিক দেশে যেকোনো নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। দলটি দীর্ঘদিন ধরে গণতন্ত্র এবং মানুষের বাক ও ব্যক্তি-স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে।
বিবৃতিতে আরও বলা হয়, মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার, যা মানুষকে নির্ভয়ে নিজের চিন্তা, মতামত ও বিশ্বাস প্রকাশের সুযোগ দেয়। সেই বিবেচনায় শুধুমাত্র মত প্রকাশের কারণে কাউকে গ্রেফতার ও কারাগারে পাঠানো গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।
এ কারণে এ কে এম শহিদুল ইসলামের গ্রেফতার ও কারাবাস অনুচিত উল্লেখ করে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।





















