সীমান্তে বিজিবি’র অভিযানে মালিকবিহীন মাদক ও চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ০৮:৩৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ৫৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা ও বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল চৌগাছার আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারতীয় উইনসারেক্স কফ সিরাপ, শাড়ি, কম্বল, শাল-চাদর, চকলেট ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২২ হাজার টাকা।
জব্দকৃত মাদকদ্রব্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মামলার আলামত হিসেবে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। অপরদিকে, অন্যান্য চোরাচালান পণ্য বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















