যশোরে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
- আপডেট: ০৪:০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ৬১

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে সোমবার (২২ ডিসেম্বর) পর্যন্ত যশোরের ৬টি আসনে ২৪ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এরমধ্যে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যশোর-৪ এবং যশোর-৬ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত দুই নেতা। সিনিয়র জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব এ তথ্য জানিয়েছেন।
যশোর-১ (শার্শা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির ধানের শীষ প্রতীক মনোনীত মফিকুল হাসান তৃপ্তি, জামায়াতের মাওলানা আজীজুল হক, ইসলামী আন্দোলনের বকতিয়ার রহমান ও স্বতন্ত্র হিসেবে শাহাজাহান আলী গোলদার। যশোর-১ আসনে বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেন, নির্বাচনী বিধি মেনে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিএনপির ধানের শীষ মনোনীত সাবিরা সুলতানা, ইসলামী আন্দোলনের হাতপাখা মনোনীত ইদ্রিস আলী এবং স্বতন্ত্র হিসেবে মেহেদী হাসান।
যশোর-৩ (সদর) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল কাদের ও ইসলামী আন্দোলনের মাওলানা শোয়াইব হোসেন। এ আসনে বিএনপির একক প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত এখনো মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
যশোর-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী গোলাম রসুল, ইসলামী আন্দোলনের বায়েজীদ হোসেন, খেলাফত মসলিসের আশেক এলাহী, বিএনপি নেতা আব্দুল হাই মনা, বিএনপির মনোনয়ন বঞ্চিত ফারাজী মতিয়ার রহমান, এম মাসুদ আহমেদ। এ আসনে ধানের শীষ মনোনীত টিএস আইয়ুব এখনো মনোনয়নপত্র গ্রহণ করেননি। তবে আব্দুল হাই মনা বিএনপি পরিচয়ে মনোনয়নপত্র ক্রয় করেছেন।
আব্দুল হাই মনা বলেন, দলের মনোনয়নপত্র তিনি সংগ্রহ করেছেন। দেখা যাক কি হয়।
যশোর-৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী গাজী এনামুল হক, স্বতন্ত্র মো. কামরুজ্জামান, বিএনপি মনোনীত প্রার্থী শহীদ মো. ইকবাল হোসেন, ইসলামী আন্দোলনের জয়নাল আবেদীন ও জমিয়তে উলামায়ে ইসলামের রশীদ আহম্মদ। যশোর-৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াত মনোনীত মোক্তার আলী, ইসলামী আন্দোলনের শহিদুল ইসলাম, বিএনপি মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী অমলেন্দু দাস অপু।
এদিকে, সোমবার যশোর-২ আসনে জামায়াতের প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদের পক্ষে মনোনয়নপত্র ক্রয়ের সময় উপস্থিত ছিলেন জামায়াতের আসন পরিচালক অধ্যাপক জয়নাল আবেদিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম ও ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম।
মনোনয়নপত্র প্রদানকালে সহকারি রিটার্নিং কর্মকর্তা জামায়াত নেতৃবৃন্দকে সকল ধরনের নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ করেন।






















